আমার কবিতা থেকে উত্সারিত ক্রোধ, ঘৃণা
স্বপ্ন, ভালোবাসা
প্রতিবাদ, বিক্ষোভ, ক্রন্দন
আজও বিষণ্ন প্রেমের মতো জেগে আছে যাদের
হূদয়,
আমার কবিতা আজ তাদের শোনাব;
আমার কবিতা আজ তাদের শোনাব
যাদের হূদয়ে এই মুক্তিযুদ্ধ, শহীদ মিনার
আমার কবিতা আজ তাদের শোনাব
যাদের সবল হাত আমাদের সংগ্রাম,
যাদের সাহসী বুক বিপ্লবের রক্তিম পতাকা—
এই কবিতার প্রতিটি পঙিক্ত আজ তাদের জন্য রেখে যাব;
আমার কবিতা আজ শোনাব তাদের
যারা এই ব্যথিত বাংলাকে ভালোবেসে হয়েছে বিদ্রোহী
যারা এই শোষিত মানুষকে ভালোবেসে হয়েছে বিপ্লবী,
যারা এই সবুজ প্রকৃতিকে ভালোবেসে হয়েছে প্রেমিক
তাদের সবার চোখে চোখ রেখে গভীর বিশ্বাসে আমি
কবিতা শোনাব;
আমার কবিতা আজ স্বপ্নভ্রষ্ট যুগের এপিক
আমার কবিতা আজ রাজপথে শোকের মিছিল
আমার কবিতা আজ প্রতিবাদী যুবকের লাশ
আমার কবিতা আজ এই চিরদিন অবিনাশী জীবনের গান;
আমার কবিতা আজ তাদের শোনাব
যাদের হূদয়ে আজও হ্যামলেটের মতো জ্বলে
প্রতিশোধের আগুন,
যাদের দুচোখে ভাসে অশ্রু হয়ে শীতের শিশির
যাদের নিঃশব্দ বুকে সর্বক্ষণ বাজে এক আর্ত হাহাকার—
আমার প্রতিটি পঙিক্ত তাদের মুখের দিকে
শুধু চেয়ে আছে;
আমার কবিতা আজ তাদের শোনাব
সবচেয়ে অনুভূতিময় যাদের হূদয়গুলি
আমাদের একমাত্র আশা।
