তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হামাদি জেবালি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দু’সপ্তাহ আগে একজন বিরোধী নেতা খুন হবার পর থেকে দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়। সংকট নিরসনে প্রধানমন্ত্রী একটি পরিকল্পনা আঁটেন, যাতে বলা হয় বর্তমান সরকার বাতিল করে একটি নতুন তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গঠন করা হবে। যার সদস্য হামাদি জেবালি। থাকবেন অনির্বাচিত ব্যক্তিরা। এমন একটি সরকার গঠন করা হলে পরে দেশটির ধর্মনিরপেক্ষ এবং ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে তাও নিরসন হবে বলে আশা ছিল মি. জেবালির। কিন্তু এই পরিকল্পনা তার নিজের দল এবং কোয়ালিশন সরকারের সবচাইতে বড় শরিক ইসলামিস্ট এন্নাহদা পার্টিই প্রত্যাখ্যান করে বসে। এর ফলে মি. জেবালির জন্য সংকট সমাধানের সর্বশেষ পথটিও বন্ধ হয়ে যায় এবং টেলিভিশনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
টেলিভিশনে দেয়া ঘোষণায় মি. জেবালি বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম,এই উদ্যোগটি যদি ব্যর্থ হয় তাহলে মন্ত্রিসভার প্রধান হিসাবে আমি পদত্যাগ করব। এই মুহূর্তে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করে সেটাই করে এসেছি। মিস্টার জেবালির এই পদত্যাগ তিউনিসিয়াকে কোন পথে নিয়ে যাবে সেটা স্পষ্ট।
