রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুক্তিযুদ্ধে শহীদদের কাছে লেখা তরুণ প্রজন্মের চিঠি বাঁধা বেলুন গতকাল বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে দেশের বিভিন্ন স্থান থেকে একযোগে উড়িয়ে দেয়া হয়। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ছাড়াও ব্লগার রাজীবের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় সাধারণ মানুষ।
বরিশাল অফিস জানায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে বরিশালের একাত্তর মঞ্চ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলুন উড়িয়েছেন তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ। গতকাল ১৬তম দিনের কর্মসূচিতে তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের একাত্তর মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মঞ্চে বেলুন উড়িয়ে সংহতি প্রকাশ করেন সিটি মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন, সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কুমিল্লা প্রতিনিধি জানান, একাত্তরের শহীদদের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের উঠে দাঁড়ানোর বার্তা লেখা চিঠি গতকাল বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দিয়েছে কুমিল্লাবাসী। গতকাল বিকেল ৪টা ১৩ মিনিটে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্বর সংলগ্ন টাউন হল মাঠে একাত্তরের শহীদদের উদ্দেশ্যে আকাশে একসঙ্গে উড়ে যায় কয়েক হাজার বেলুন। এসময় জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নগরী।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, রাজাকারদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জ প্রজম্ম চত্বর থেকে শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে আকাশে বেলুন উড়িয়ে দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার পর তরুণ প্রজম্ম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রজম্ম চত্বরে মিলিত হয়ে একযোগে অসংখ্য বেলুন উত্তোলন করেন। রাজাকার বিরোধী শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, শিক্ষক কর্মচারী, জেলা বিএমএ, স্বাচিব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, উদীচীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় গতকাল শহীদ মুক্তিযোদ্ধাদের কাছে চিঠি লিখে বেলুনে বেঁধে আকাশে উড়াল ছাত্রলীগ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন প্রকার শ্লোগান সম্বলিত আকাশে উড়ানোর সময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক বাবুল হাজরা, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মুন্নু, ছাত্রলীগ নেতা হায়দার হাজরা, প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বুলবুল হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।
নোয়াখালী প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে চিঠি বাঁধা বেলুন উড়িয়ে দেয়া হয়।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, শাহবাগের গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। গতকাল বিকেল ৪টা ১৩ মিনিটে ৭১’র শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে আকাশে বেলুন উড়িয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, শাহবাগের প্রজন্ম চত্বরের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে ময়মনসিংহ শহরের বিভিন্ন মঞ্চে ১৯৭১ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জামায়াত-শিবিরকে বর্জন, তাদের রাজনীতি নিষিদ্ধকরণ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে খোলাচিঠি লিখে বেলুন উড়িয়ে সংহতি প্রকাশ করা হয়।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার আব্দুর রব, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাদেক খান মিল্কী টজু অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ ব্যক্তি এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।
বাগেরহাট প্রতিনিধি জানান, কাদের মোল্ল¬¬াসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে গতকাল বিকাল ৪ টা ১৩ মিনিটে শহীদদের উদ্দেশ্যে লেখা চিঠি বেঁধে বেলুন উড়িয়ে দেয়া হয়। সমাবেশে বক্তৃতা করেন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা চেয়ারম্যান মোল্লা আব্দুর রউফ প্রমুখ।
মেহেরপুর প্রতিনিধি জানান, কাদের মোল্ল¬ার ফাঁসির দাবিতে গতকাল বুধবারও মেহেরপুর প্রেসক্লাবের সামনে মুজিবনগর প্রজন্মের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন ও মোমবাতি প্রজ্বলন করা হয়। মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইয়ারুল ইসলাম, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদসহ কয়েকশ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, গতকাল পঞ্চগড়ে একাত্তরের শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে বেলুনের সঙ্গে বেঁধে আকাশে ওড়ানোর কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজন্ম ৭১’র আয়োজনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
প্রজন্ম চত্বরের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে গতকাল বিকাল ৪.১৩ মিনিটে শহীদদের উদ্দেশ্যে চিঠি বাঁধা বেলুন উড়িয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া ক্যাম্পাসের সামনে মুক্তিযোদ্ধা চত্বরে মুক্তমঞ্চের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচি পালন করেন।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর মনোহরদী কলেজ মাঠে গণজাগরণ মঞ্চে গতকাল বুধবার আব্দুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ছাড়াও ব্লগার রাজিব হায়দার হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভুঁইয়ার অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল খালেক।
মাদারীপুরে গণজাগরণ মঞ্চে বাঁধা
লিফলেট বিতরণ, গ্রেফতার ২
মাদারীপুর প্রতিনিধি জানান, স্থানীয় স্বাধীনতা অঙ্গণে প্রতিষ্ঠিত গণজাগরণ মঞ্চ বন্ধ করা ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক রতন কুমার দাসকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে পৌর ছাত্রদলের সভাপতি কাজী আজিজুল হককে গ্রেফতার করেছে। ঢাকায় নিহত ব্লগার রাজিব সম্পর্কে অশালীন পোস্টার ও লিফলেট বিতরণের অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ আব্দুর রব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উভয় ঘটনায় মাদারীপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
