ঘুষের টাকা ফেরত চাওয়ায় এএসআই পেটাল ঘুষদাতাকে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
ঘুষের টাকা ফেরত চাওয়ার অপরাধে উত্তেজিত হয়ে এক আসামির আত্মীয়কে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের কাপাসিয়া থানার এক এএসআইর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে—গত সোমবার রাতে কাপাসিয়া থানার এএসআই জহুরুল পেট্রোল ডিউটি করার সময় কাপাসিয়া গ্রামের বেপারীপাড়ার মৃত নেওয়াজ আলীর ছেলে লেগুনার হেলপার মিলনকে তারাগঞ্জ বাজার থেকে ডেকে নেন। তাকে সাথে নিয়ে নাসেরা গ্রামের নাদিমের বাড়িতে অভিযান চালান তিনি। সেখান থেকে আধা কেজি গাঁজাসহ নাদিমকে আটক করা হয়। পরে একডালা গ্রামের ফালানকে তার ঘরে ঘুম থেকে তুলে আটক করা হয়। ফালান হেলপার মিলনের আত্মীয়। থানায় যাওয়ার পর এএসআই জহুরুল লেগুনার হেলপার মিলনকে জানান, সকালে ফালানকে ছেড়ে দেয়া হবে। বিনিময়ে তার কাছ থেকে এক হাজার ৩০০ টাকা নেন। কিন্তু সকালে তাকে না ছাড়লে মিলন ওই টাকা ফেরত চাইলে এএসআই জহুরুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পেটাতে পেটাতে তাকে থানার বাইরে নিয়ে আসেন। মিলনের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হলে তাকে ছেড়ে দেয়া হয়। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি জেনে ব্যবস্থা নেয়া হবে।’