কমলগঞ্জে দুই বছরেও এপ্রোচ রোড হয়নি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কে দেওছড়া নদীর উপর ঊষাদেবী সেতু নির্মিত হলেও এপ্রোচ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। সড়ক থেকে পাঁচ ফুট উচ্চতায় সেতু নির্মিত হওয়ায় উভয় পাশে ভরাটকৃত মাটি দেবে যানবাহন আটকা পড়ছে। ফলে ঝুঁকিপূর্ণ সড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এপ্রোচ সড়কের কাজ ভালভাবে সম্পন্ন না করার ফলে যেকোন মহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা যাত্রী ও যানবাহন চালকদের। জানা যায়, ২০১১ সালে শমশেরনগর-কুলাউড়া সড়কের বিমান বাহিনী এলাকার রেলগেট সংলগ্ন দেওছড়া নদীর উপর বৃটিশ আমলে নির্মিত কালভার্ট সেতুটি ভেঙ্গে ‘উষা দেবী সেতু’ নামে নতুন কালভার্ট সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। দেওছড়া নদীর বদ্ধ জলাশয়ের উপর সেতু থাকায় বিভিন্ন সময়ে মাটি দেবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যানবাহন চালকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তা থেকে পাঁচ ফুট উচ্চতায় সেতু নির্মিত হওয়ায় পারাপার মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আর সেতুর উভয়পাশে প্রচুর পরিমাণে কাদামাটি দেয়া এবং এপ্রোচ সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন না হওয়ায় যানবাহনসমূহ আটকা পড়ছে। সড়কের উভয় পাশে খাল ও গর্তে যানবাহনসমূহ আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যেকোন সময়ে দুর্ঘটনার আশংকা রয়েছে। গত জুন মাসের মধ্যে সেতু ও এপ্রোচ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি। এ বিষয়ে ঠিকাদার মিছবাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী কিছু দিনের মধ্যেই উভয়পাশের এপ্রোচ সড়কের কাজ সম্পন্ন হবে।