২০১২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৮০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৪৬৮ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছে । এছাড়া সম্পূরক বৃত্তি (নির্দিষ্ট ওয়ার্ডে কোটা পূরণ না হলে অন্য ওয়ার্ড থেকে বৃত্তি) দেয়া হয়েছে এক হাজার ৮২ জনকে। প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তির তালিকা নির্ধারণ করা হয়।
এবার মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দু’শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড়শ’ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন দেড়শ’ টাকা করে পাবে। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ বছর ঢাকা বিভাগে ১৬ হাজার ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ হাজার ২১ জন, রাজশাহীতে ৭ হাজার ৬৭৩ জন, খুলনায় ৬ হাজার ১৯৭ জন, রংপুরে ৫ হাজার ৯৮৮ জন, সিলেটে ৩ হাজার ৮৩৬ জন এবং বরিশাল বিভাগে ৩ হাজার ৮০৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ২৬ লাখ ৪১ হাজার ৯০৩ জন অংশ নিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৩৪১ জন উত্তীর্ণ হয়।
সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এম এম নিয়াজউদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মোবাইলের মাধ্যমে বৃত্তির ফল : মোবাইল ফোনে বৃত্তির ফল জানতে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে DPE; তারপর স্পেস দিয়ে ‘থানা কোড’ টাইপ করে আরেকটি স্পেস দিয়ে ‘রোল’ লিখতে হবে। এরপর আরেকটি স্পেস দিয়ে ‘পাসের বছর’ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
