রাজশাহীতে জামায়াতের ডাকা গতকালের হরতালে সাধরণ মানুষের সাড়া দেখা যায়নি। ট্রেন, আন্ত:জেলা বাসসহ হালকা যানবাহন চলাচল করেছে অন্যদিনের মতো। সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য সবকিছুই চলেছে প্রায় স্বাভাবিকভাবে। নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল ও সমাবেশ করছে ছাত্রশিবির। বাগেরহাট, কুমিল্লা ও চাঁদপুরের ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর চার সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রাজশাহী অফিস: গতকাল এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে হামলার আশংকায় দূরপাল্লার কোনো বাস-কোচ চলেনি। এদিকে শিবির ক্যাডাররা নগরীর বিভিন্ন অলিগলিতে নাশকতার চেষ্টা চালায়। কিন্তু পুলিশী তত্পরতায় তাদের সকল অপচেষ্টা ব্যর্থ হয়ে যায় বলে জানান মহানগর পুলিশের কমিশনার এসএম মনির উজ জামান। এছাড়া রাজশাহীর ৯টি উপজেলায়ও হরতালের আমেজ ছিল না।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকালে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে জামায়াতের রাজশাহী মহানগর আমির আতাউর রহমানকে র্যাব ২০টি বোমা ও ১২টি জিহাদী বইসহ গ্রেফতার করে। তাকে গ্রেফতারের প্রতিবাদে রাতেই জামায়াতের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটসহ বিভাগের ৮ জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরী জুড়ে পুলিশ ও র্যাবের কঠোর তত্পরতায় কোথাও পিকেটিং করতে পারেনি জামায়াত-শিবির নেতা-কর্মীরা। তবে ভোর থেকে ছাত্রশিবির ক্যাডাররা নগরীর কাটাখালি, তালাইমারী, দেবীশিংপাড়া, ডিংগাডোবা, কাটাখালী ও নওহাটাসহ বিভিন্ন এলাকার অলিগলির রাস্তায় টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। তবে শিবির ক্যাডাররা বিচ্ছিন্নভাবে নগরীর খড়খড়ি বাইপাস রাস্তা এলাকায় একটি যাত্রাবাহী বাস, একটি ট্রাক ও একটি হিউম্যান হলার ভাংচুর করে। শহীদ কামারুজ্জামান পার্কের কাছে পার্কের গেটের সামনে শিবিরের ঝটিকা মিছিলের চেষ্টা পুলিশের ধাওয়ায় পণ্ড হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ধরমপুর এলাকায় বিক্ষোভ মিছিল থেকে শিবির ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ১০-১২টি হাতবোমা নিক্ষেপ করে। এনিয়ে পুলিশের সঙ্গে শিবির ক্যাডারদের প্রায় ১৫ মিনিটব্যাপী ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এসময় শিবিরের ১০ জন আহত হয়েছে বলে সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মহসিন আলম সাইমুম দাবি করেন। হরতাল চলাকালে পুলিশ নগরীর বিভিন্ন এলাকা থেকে শিবির সন্দেহে ২৫ জনকে আটক করেছে।
নারায়ণগঞ্জ: বুধবার বিকালে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির ব্যানারে শহরের জামতলা এলাকা থেকে শিবিরের শতাধিক নেতা-কর্মী একটি মিছিল বের করে। মিছিলের কারণে প্রায় ১৫ মিনিট ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যান চলাচল বন্ধ ধাকে। তবে তারা কোন ধরনের ভাংচুর করেনি। এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার নূরুল ইসলাম জানান, মিছিলের খবর আমাদের জানা নেই।
ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের অন্যতম নেতা ও রূপসা উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইউনুস হেলাল ও কাওনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা মো:মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল লতিফকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা: জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা সানাউল্লাহ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় একাধিক মামলার অন্যতম আসামি হিসেবে মঙ্গলবার গভীর রাতে জেলার ময়নামতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
