ভাষা সৈনিকদের সম্মাননা জানালো জাতীয় প্রেসক্লাব

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৫
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বুধবার কবিতা পাঠ, ভাষা সৈনিকদের সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাব দেশের পাঁচজন বিশিষ্ট ভাষা সৈনিককে সম্মাননা জানিয়েছে। তারা হলেন ভাষা সংগ্রামী আব্দুল মতিন, রওশন আরা বাচ্চু, হালিমা খাতুন, অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর ও সাদেক খান। প্রেসক্লাব আয়োজিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য কবিগণ কবিতা পাঠ করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। স্বাগত জানিয়ে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল আহমদ এবং সূচনা বক্তব্য দেন যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত গীতিকার ও কবি কেজি মোস্তফা।