ঢাকা ক্লাবের কোন সদস্যকে আজীবনের জন্য বহিষ্কারের যে ক্ষমতা তার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সদস্যপদ শূণ্য রাখাসহ ক্লাবের গঠনতন্ত্রের আরো তিনটি ধারার কার্যক্রমও স্থগিত করেছে আদালত। ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাদাত হোসেন সেলিমের দায়েরকৃত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। এছাড়া গঠনতন্ত্রের এসব ধারাকে কেন অবৈধ ও কোম্পানি আইনের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলজারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে জয়েন স্টক কোম্পানির রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে সেলিমের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যারিস্টার মোতাহার হোসেন, অ্যাডভোকেট রনজিত্ কুমার বর্মন শুনানি করেন।
