গণজাগরণ মঞ্চে গতকাল বুধবার বিকালে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি খোলা চিঠি সম্বলিত বেলুন উড়িয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় জাগরণ মঞ্চে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তারা শ্লোগানে শ্লোগানে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাগরণ মঞ্চের তরুণ প্রজন্ম।
চট্টগ্রামে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ক্রমশ জোরালো হচ্ছে। প্রতিদিন বিভিন্ন পেশার নারী-পুরুষ, শিশু ও শিক্ষার্থীরা প্রেসক্লাব চত্বরে জাগরণ মঞ্চে এসে ভিড় জমাচ্ছে। বিশিষ্ট ব্যক্তিরা তরুণ প্রজন্মের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রেরণা যোগাচ্ছে। বাদ্যযন্ত্রের তালে তালে মুক্তিযুদ্ধের বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে মুখরিত থাকে গণজাগরণ চত্বর। জাগরণ মঞ্চে আসা মানুষের মধ্যে কোন ক্লান্তি নেই। মহান একুশে ফেব্রুয়ারিতেও ব্যাপক জনসমাগম ঘটবে বলে উদ্যোক্তারা জানান।
এদিকে বগুড়া প্রতিনিধি জানান, বগুড়াবাসীও মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে লেখা খোলা চিঠি বেলুনের সঙ্গে সুতোয় বেঁধে বিকাল ৪টা ১৩ মিনিটে আকাশে উড়িয়ে দেয়। সবগুলো চিঠিতেই ছিল তরুণ প্রজন্মের দীপ্ত অঙ্গীকার, রাজাকারমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়।
