ব্লগারদের বিচার ও ব্লাসফেমি আইন চায় ইসলামী আন্দোলন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১১
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্লগারদের গ্রেফতার, ইসলাম বিরোধী সকল ওয়েবসাইট বন্ধ ও ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে দেশব্যাপী দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শুক্রবার জুমার নামাজে ব্লগারদের বিরুদ্ধে জনমত গড়ার লক্ষ্যে খুতবা দেয়া হবে। রাজধানীতে বাদ জুমা সমাবেশ ও মিছিল এবং আগামী ২৫ ফেব্রুয়ারি ওলামা সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। গতকাল বুধবার বিকালে পুরানা পল্টন হাউজ বিল্ডিং চত্বরে ব্লগারদের অশ্লীল প্রচারণার নিন্দা এবং ইসলামী রাজনীতি বন্ধের চক্রান্তের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন-এর প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, সরকার ব্লগারদের সহযোগিতা করছে। সরকার তথাকথিত নব প্রজন্মকে নেশাদ্রব্য, লিভ টুগেদার করার সুযোগ করে দিয়েছে। ইসলাম, নবী ও ধর্মীয় অনুভুতিতে আঘাতকারী ব্লগারদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। নতুবা মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে পরিণাম ভাল হবে না। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আড়ালে একটি গোষ্ঠী ইসলামী রাজনীতি বন্ধেরও আওয়াজ তুলছে। সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কোন কোন ইসলামবিরোধী এতে সুর মেলাচ্ছে। ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার একটি অংশ চক্রকে উস্কে দিচ্ছে। আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখেছি সরকার এই গোষ্ঠীর দ্বারা প্রভাবিত। অশুভ খেলা বন্ধ না হলে দেশের ইসলামপ্রিয় বৃহত্তর জনগোষ্ঠী সরকারকে ইসলামবিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলবে। ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম, মাওলানা আতাউর রহমান আরেফী, আবু সাঈদ সিদ্দিকী, মো. আরিফুল ইসলাম, ফজলুল হক মৃধা প্রমুখ।