শপথ লংঘনকারী বিচারপতিকে অপসারণ করতে হবে : নাসিম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের বিরুদ্ধে ধর্মীয় অপপ্রচারমূলক সংবাদের কপি বিতরণকারী বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়াকে অবিলম্বে অপসারণ করতে হবে। কারণ বিচার বিভাগকে কলুষিত এবং বিচারের পথকে কলঙ্কিত করতে তিনি স্বাধীনতাবিরোধী জামায়াতের আনুগত্য লাভের জন্য এ কাজটি করেছেন। এটা অসদাচারণ ও বিচারপতি হিসাবে শপথের লংঘন। গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। শাহবাগের প্রজন্ম চত্বরে নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অব্যাহত আন্দোলন চালিয়ে যাওয়ায় এটা প্রমাণিত হয়েছে যে, যুদ্ধাপরাধীদের ফাঁসি বাস্তবায়ন ১৬ কোটি মানুষের দাবি। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীরা পরিকল্পিতভাবে রাজিবকে হত্যা করে আন্দোলন বানচাল করতে চেয়েছে। সরকার যখন এই রাজিবের হত্যাকারীদের গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ সময় অনেকে তাকে বিতর্কিত করতে চাচ্ছেন। এতে সর্বশেষ যোগ হয়েছেন হাইকোর্টের একজন বিচারক। তবে যত ষড়যন্ত্র হোক রাজিবের রক্ত বৃথা যাবে না। সংগঠনের সাংগঠনিক সচিব কে এম শহিদউল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।