যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর তুরিন আফরোজ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৫
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলার সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন ঘাতক-দালাল নির্মূল কমিটির আইন বিষয়ক সম্পাদক তুরিন আফারোজ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়াধীন আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। নবনিযুক্ত এ প্রসিকিউটর অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদায় আর্থিক সুযোগ-সুবিধা পাবেন। তুরিন আফরোজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যাপনা করছেন। তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার ও আইন বিষয়ে তুরিন আফরোজের যথেষ্ট জ্ঞান রয়েছে। তিনি তার মেধা ও গবেষণালব্ধ জ্ঞান দিয়ে প্রসিকিউশন টিমকে সমৃদ্ধ করতে পারবেন বলে তাকে নিয়োগ দেয়া হয়েছে। কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আপিল দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।