ভাঙচুরের ঘটনায় আটক ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। ছাত্রলীগ নেতারা সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে তাকে প্রত্যাহারের দাবি জানান। পরে সুনামগঞ্জ এএসপি (সার্কেল) এসে তাদের শান্ত করেন। গতকাল বুধবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে। থানা ঘেরাও করায় থানার সামনের সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, গতকাল সকালে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের মৃত আব্দুল মনাফের বাসায় জেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদের (বাবু) নেতৃত্বে কয়েকজন হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আব্দুল মনাফের স্ত্রী আয়মনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গতকাল দুুপুরে গ্রেফতার করে।
খবর পেয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা থানায় গিয়ে বাবুর মুক্তি দাবি করেন; কিন্তু পুলিশ তাকে মুক্তি না দিয়ে কোর্টে চালান করে দেয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা থানা ভবন ঘেরাও করে ওসির (তদন্ত) বিরুদ্ধে বিক্ষোভ করে তার অপসারণ দাবি করেন। বিক্ষোভের আধাঘণ্টা পর সুনামগঞ্জের এএসপি (সার্কেল) তৌাহিদুর রহমান চৌধুরী এসে ক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করলে তারা থানা ত্যাগ করে।
জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরণ জানান, ষড়যন্ত্রমূলক মামলায় বাবুকে আটক করেছে পুলিশ। সে এই ঘটনার সাথে জড়িত নয়।
সুনামগঞ্জের এএসপি (সার্কেল) তৌহিদুর রহমান চৌধুরী জানান, ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।
