বিচারপতি মিজানুর রহমানকে নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বুধবার নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আব্দুল মোতালিব পাঠান লিখিত বক্তব্যে জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের বাসিন্দা হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভুঁইয়া, ব্লগার আহমেদ রাজিব হায়দার সম্পর্কে অশোভন, অনৈতিক ও অশালীন উক্তি করে বিচারপতি হিসেবে সংবিধান লংঘন করেছেন। সারাদেশের মানুষ যখন শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতি একাত্বতা প্রকাশ করেছে তখন তিনি এর বিপক্ষে অবস্থান নিয়ে জামায়াত-শিবির রাজাকারদের পক্ষ নিয়ে হীনচক্রান্তে লিপ্ত হয়েছেন। আমরা অনতিবিলম্বে বিচারপতি পদ থেকে তার অপসারণ চাই। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কমান্ডার তাজুল ইসলাম, সাংগঠনিক কমান্ডার আরমান মিয়া, সদর সেক্টর কমান্ডার মোজাম্মেল হক ভুঁইয়া, দৌলত হোসেন, রায়পুরা উপজেলা কমান্ডার নজরুল ইসলাম, মনিরুজ্জামান ইউসুফ, পবিত্র রঞ্জন দাস মহাদেব প্রমুখ।
