সফরকারী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে আজ শুক্রবার সিরিজ সমাপনী টেস্টটি শুরু হবে।
জোহানেসবার্গে ২১১ রানে প্রথম টেস্ট জয়ের পর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত দ্বিতীয়টিতে কিছুটা বেগ পেলেও শেষ পর্যন্ত চার উইকেটে জয়ী হয় প্রোটিয়াসরা।
অধিনায়ক গ্রায়েম স্মিথ দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার পরপরই বলেছিলেন, এ পিচ তার দলের জন্য বোলিং সহায়ক ছিল না। বিশ্বের সেরা ফাস্ট বোলিং লাইনআপ পিচটিতে কোন সহায়তা পায়নি।
সেঞ্চুরিয়নের উইকেট ঐতিহ্যগতভাবেই ফাস্ট বোলিং সহায়ক। তাই এ পিচে আরো বেশি স্বাচ্ছন্দ্যের সঙ্গেই পাকিস্তানকে হারাতে পারবে বলে মনে করছেন স্বাগতিক ক্রিকেটাররা। তাছাড়া কেপটাউনে পাকিস্তানী অফ স্পিনার সাইদ আজমল ১০ উইকেট শিকার করলেও সেঞ্চুরিয়নে তার পক্ষে সেটা সম্ভব নাও হতে পারে।
কোচ গ্যারি কাস্টেন দক্ষিণ আফ্রিকার একটি ওয়েবসাইটকে বলেন, তার দল পেস সহায়ক পিচ চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা কেবলমাত্র এমন একটা পিচ চাই যেখানে বল খুব বেশি টার্ন করবে না।’
জাতীয় দলের অধিনায়ক হিসেবে জোহানেসবার্গেই শততম টেস্ট খেলা স্মিথ কেপটাউন ম্যাচে অধিনায়ক হিসেবে ৪৯তম টেস্ট জয়ের রেকর্ড গড়েছেন। তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা ২১টি টেস্ট সিরিজ জিতেছে। কিন্তু তিন অথবা চার ম্যাচের কোন সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারেনি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ দল হওয়া ছাড়াও ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সব কিছুতেই প্রাধান্য বিস্তার করে চলেছে দক্ষিণ আফ্রিকানরা।-বাসস/এএফপি
