জেলা সদরের মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট বিদ্যমান। এক শিফট থেকে দুই শিফটে উন্নীত করা হলেও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বিজ্ঞান ভবন নির্মিত হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে স্থান সংকুলান সমস্যা প্রকট। বিদ্যালয়টিতে ৭শ ছাত্রী লেখাপড়া করে আসছে। বর্তমান একতলা ভবনটিকে দ্বিতল ভবনে রূপান্তরিত করা প্রয়োজন। ছাত্রী মিলনায়তনটি অত্যন্ত ছোট হওয়ায় গদাগাদি করে ছাত্রীদের বসতে হচ্ছে। ছাত্রীনিবাস স্থাপন করে বহিরাগত ও গ্রামের ছাত্রীদের থাকার ব্যবস্থা করা প্রয়োজন। বিদ্যালয় মাঠটি ভরাট করা হলে মেয়েদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে। এদিকে সানমন্দী উচ্চ বিদ্যালয়টি ৪০ বছরেও কোন উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। নির্মিত হয়নি বিজ্ঞান ভবন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭২ সালে স্থাপিত বিদ্যালয়টিতে ৪ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে আসছে। ২টি টিনসেড ভবনের একটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। পুরাতন টিনের গৃহটি জরাজীর্ণ হওয়ায় শ্রেণিকক্ষে লেখাপড়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেঞ্চের অভাব তীব্র। জরাজীর্ণ শৗচাগারের কারণে শিক্ষার্থীদের প্রায়শই বিপাকে পড়তে হচ্ছে। প্রায় ২৩০ জন ছাত্রী লেখাপড়া করলেও ছাত্রী মিলনায়তন নেই।
