এলেংগাতে ফুট ওভারব্রিজ প্রয়োজন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
টাঙ্গাইল জেলা শহরের উপ-শহর করটিয়া ও সন্তোষ শিক্ষা বিস্তারের জন্য গড়ে উঠেছে। আর বাণিজ্যের জন্য গড়ে উঠেছে এলেংগা উপ-শহর। এলেংগার পুরান বাজার থেকে পূর্বদিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়ক গিয়েছে। এ মহাসড়কের উভয় পাশে অর্থাত্ পূর্ব-পশ্চিমে জমে উঠেছে নতুন বাজারের জমজমাট ব্যবসা। উত্তরবঙ্গের যানবাহন ছাড়াও ভূঞাপুর, গোপালপুর, তারাকান্দি, সরিষাবাড়ী, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও সাগরদীঘিমুখী এবং ফিরতি যানবাহনসমূহ এলেংগা থেকে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কে এসে ভিড় জমায়। সঙ্গত কারণেই এলেংগা নতুন বাজার বা বাসস্ট্যান্ডের এ মহাসড়কটি পথচারীদের পারাপারের জন্য অত্যন্ত বিপজ্জনক। প্রায় প্রতিদিনই এলেংগার এ নতুন বাজার পয়েন্টে ছোট-বড় দুর্ঘটনায় পথচারী আহত ও নিহত হচ্ছে। গত এক যুগে দূরপাল্লার যানবাহনের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছে প্রায় শতাধিক পথচারী। অতএব এলেংগার এ পয়েন্টে পথচারী পারাপারের জন্য অবিলম্বে ফুটওভারব্রিজ নির্মাণ হওয়া প্রয়োজন। টাঙ্গাইল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করি। এ.এম. তুলা, ঘারিন্দা, টাঙ্গাইল।