যুদ্ধাপরাধীদের বিচারের নামে কিছু নাস্তিক জড়ো হয়েছে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
হিজলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর চরমোনাই পীর সৈয়দ মোঃ রেজাউল করিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে শাহবাগসহ বিভিন্ন স্থানে কিছু নাস্তিক জড়ো হয়েছে। গতকাল হিজলার আফসার উদ্দীন ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, অতীতে অনেক নাস্তিককে আল্লাহ ধ্বংস করেছে। নাস্তিক রাজীবকেও ধ্বংস করেছে। নাস্তিকদের জানিয়ে দিতে চাই এখনও বাংলার জমিনে রাসুলের অনেক সৈনিক আছে। আল্লাহ ও তার রাসুল এবং ইসলামকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলার মুসলমান সহ্য করবে না। তিনি বলেন, সংবিধান থেকে এই সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষবাদ স্থাপন করছে। সরকারকে আমি আহবান করব এখনও সময় আছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্তা ও বিশ্বাস লিপিবদ্ধ করুন। ধর্ম নিরপেক্ষবাদ মানেই ধর্মহীনতা আর ধর্মহীনতাই নাস্তিকতা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওঃ কাওছার ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির আমীর মাওঃ আবুবকর ছিদ্দিক হামিদী, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মজিবুর রহমান তালুকদার, মূলাদী উপজেলা ইসলামী আন্দোলনের নেতা এফ,এম মাইনুল ইসলাম, আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, ঢাকার ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ শাহে আলম মানিক, উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলীম ভুঁইয়া, ইসলামী আন্দোলনের সাবেক নেতা মুহাদ্দিস মোহাম্মদ উল্লাহ, মেমানিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুর রহমান প্রমুখ। ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে রিয়াজ সভাপতি ও আলআমনিকে সেক্রেটারি নিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাস্টার খলিলুর রহমান।