সিলেটে ডিবি পুলিশের হাতে আটক আসামির মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আটক আব্দুল খালিক (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর কাস্টঘর এলাকা থেকে ফেনসিডিলসহ আটকের পর রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার বহরগ্রামের মকবুল আলীর পুত্র। সিলেট নগরীর সাদাটিকরে তিনি বসবাস করতেন। আটকের পর আব্দুল খালিককে নির্যাতন করা হলে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। তবে পুলিশ নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন। বুধবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বিভাষ চন্দ্র মাঝি জানিয়েছেন, খালিকের মৃত্যুর কারণ উদ্ঘাটনে এসএমপি হেডকোয়ার্টারের রেজাউল করিমকে দায়িত্ব দেয়া হয়েছে।