রাজধানীর অদূরে কেরানীগঞ্জে রমজান আলী (৪০) নামের এক জমি ব্যবসায়ী খুন হয়েছেন। নিখোঁজের একদিন পর গত বুধবার দুপুর আড়াইটার দিকে ওয়াশপুর গার্ডেন সিটি হাউজিংয়ের খালি স্থান থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। নিহত রমজান কেরানীগঞ্জ আঁঁটিবাজার এলাকার মৃত সুবেদ আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই কাওসার জানান, রমজান গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার লাশ পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার এসআই আজাদ জানান, রমজানের মৃতদেহে রক্তাক্ত ও জখমের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রমজানের লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। খুনিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানায়।
