শিবালয় উপজেলার উত্তর মহাদেবপুর গ্রামে বৃহস্পতিবার বিকালে শশ্মানঘাটের কালিমন্দিরে মূর্তি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা মতিয়ার রহমান মতি (৪০) নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। তিনি ওই এলাকার মোকছেদ আলীর পুত্র। তবে পুলিশের ধারণা আটক ওই ব্যক্তি মানসিক রোগী। ওই মন্দিরের সাধারণ সম্পাদক গোসাই পাল জানায়, বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই ব্যক্তি মন্দিরে ঢুকে তিনটি মূর্তি ভাংচুর করে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিবালয় থানার এসআই আবুল হাসেম জানান, আটক ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কথা-বার্তায় তিনি মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে পুলিশি তত্পরতা বাড়ানো হয়েছে। এদিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গালিভ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
