আজকের বিক্ষোভ সফল করুন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
ইসলামী ঐক্যজোট আজকের বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অপরাপর ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বলা হয়, ব্লগে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও ইসলামী অনুশাসনের বিরুদ্ধে ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ কাল্পনিক ও লাগামহীন লেখার প্রতিবাদ এবং এসব ব্লগারের ফাঁসির দাবিতে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। শাহবাগ থেকে এক শ্রেণীর ইসলামবিদ্বেষী ইসলাম ধর্ম, আল্লাহ ও নবী এবং রসুল (সা.) সম্পর্কে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে। তাদের এসব মন্তব্য সার্বজনীন মানবাধিকারের পরিপন্থী। তারা এসব উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে দেশে অনাকাঙ্ক্ষিত সংঘাত সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় মেতে উঠেছে। নেতৃবৃন্দ বলেন, শাহবাগ আন্দোলনে ইসলামী রাজনীতি বন্ধের দাবি অযৌক্তিক। এসব দাবি গণতন্ত্র, সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। যারা এসব দাবি করছে তাদেরকে মনে রাখতে হবে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বৈঠকে ইসলামের বিরুদ্ধে এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকল ইসলামী দল, সংগঠন ও ব্যক্তির প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মওলানা আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিসের আমীর মওলানা মুহাম্মদ ইসহাক, নেজামী ইসলাম পার্টির সভাপতি মওলানা আবদুর রকীব অ্যাডভোকেট, জমিয়তে উলামা ইসলামের সভাপতি মওলানা আবদুল মুমিন, খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর মওলানা আবুল হাসানাত আমিনী, উলামা কমিটির সভাপতি মওলানা শামসুল আলম ও ফারায়েজী আন্দোলনের আমীর মওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান।