অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গঙ্গাচড়ায় জাপা সভাপতির ওপর হামলা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৯
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বুধবার রংপুর জেলা জাতীয় পার্টির (এ) যুগ্ম সম্পাদক ও গঙ্গাচড়া উপজেলা কমিটির সভাপতি সামসুল আলমকে অপর গ্রুপের নেতারা ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তার জিপও ভাংচুর করা হয়। এ ব্যাপারে সামসুল আলম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় অপর গ্রুপের ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে অপর গ্রুপের নেতা ফারুক বাদী হয়ে সামসুল আলমসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনায় গঙ্গাচড়া উপজেলায় জাতীয় পার্টির (এ) অভ্যন্তরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনার জন্য জাপা (এ) নেতা সামসুল আলম জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা ও রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে দায়ী করে বলেছেন, আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে দলীয় চেয়ারম্যান নির্বাচন করার ঘোষণা দেয়ায় তাকে অভিনন্দন জানিয়ে পোস্টার করায় আসিফ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার উপর হামলা করিয়েছে। তিনি অভিযোগ করেন গঙ্গাচড়া উপজেলার ২টি ইউনিয়নে জাতীয় পার্টির (এ) কমিটি গঠন করার পর আসিফ সেখানে পাল্টা কমিটি গঠন করেছেন। আহত সামসুল আলমের পক্ষে আজ শুক্রবার রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে প্রকাশ, বুধবার উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়ন জাতীয় পার্টির (এ) কমিটি গঠনের জন্য জেলা জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু এবং মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরীকে নিয়ে জাপা (এ) নেতা সামসুল আলম রংপুর মহানগরী থেকে ওই এলাকায় যাওয়ার সময় হাবু বালারঘাট এলাকায় পৌঁছলে অপর গ্রুপের নেতা-কর্মীরা তাদের গাড়ি প্রতিরোধ করে। এ সময় তারা বল্লম, লোহার রড দিয়ে সামসুল আলমকে বেধড়ক মারপিট করে।