হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বেফাকুল মাদারিস এর চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ গতকাল এক যুক্ত বিবৃতিতে ব্লগারদের শাহবাগে জড়ো হয়ে তারা ইসলামী বিধি-বিধান ও ইসলামী রাজনীতির বিরুদ্ধে বক্তব্য দেয়ার প্রতিবাদে আজ শুক্রবার দেশের প্রতিটি মসজিদ থেকে গণবিক্ষোভে শরিক হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা বিবৃতিতে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলইহে ওয়া সাল্লামের মর্যাদা রক্ষার জন্য প্রস্তুত হতে হবে। বিবৃতিতে তারা বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আজ শুক্রবারের মধ্যে কটূক্তিকারী ব্লগার ও নাস্তিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নচেত্ সরকারকে কঠিন মাশুল দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলইহে ওয়া সাল্লামের সম্মান রক্ষা এবং ইসলাম ও ঈমান হেফাজতের লক্ষ্যে হেফাজতে ইসলাম ও ইসলামী সমমনা ১২ দলসহ সব ইসলামী দলের পক্ষ থেকে আজ বাদ জুমা সারাদেশের সাড়ে চার লক্ষাধিক মসজিদ থেকে যে গণবিক্ষোভের ডাক দেয়া হয়েছে, ওই গণবিক্ষোভে অংশগ্রহণ করে প্রত্যেক মুসলমান ঈমানী দায়িত্ব পালন করুন।
রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদ থেকে সর্ববৃহত্ গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।
শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী ছাড়া বিবৃতিদাতারা হলেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ সভাপতি ও রাবেতা আলম আল ইসলামীর স্থায়ী সদস্য মাওলানা মুহিউদ্দীন খান, ইসলামী ও সমমনা ১২ দলের যুগ্ম আহবায়ক বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিশের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐকজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ইসলামী ঐকজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম, হেফাজতে ইসলাম-এর মহাসচিব মুফতি জুনায়েদ বাবুনগরী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের প্রেসিডিয়াম সদস্য মাওলানা যাইনুল আবেদীন, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ যুগ্ম-মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, তাহরিকে খমতে নবুয়তের আমির ড. মুফতি সৈয়দ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী, ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন, বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরী সভাপতি মাওঃ আহমাদ আলী কাসেমী, আধ্যাত্মিক গুরু ও মারেফাতে হুজুর পীরে কামেল আল্লামা মুশতাক ফয়েজী, মীরের সরাইর পীর সাহেব মাওলানা আঃ মোমেন নাছেরী, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী পীর সাহেব শর্ষীনা, টেকের হাটের পীর সাহেব মাওঃ কামরুল ইসলাম সাঈদ আনসারী, শাহ ওয়ালিউল্লাহ পীর সাহেব গাছতলা, মাওঃ ফেরদাউছ পীর সাহেব বরগুনা প্রমুখ।
