মধুপুরে জামায়াতের উপজেলা আমীরসহ গ্রেফতার ৮০

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৯
টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতের আমীর এবং শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা বোরহানুল ইসলামসহ দলের ৮০ নেতাকর্মীকে মধুপুর থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে মধুপুর জঙ্গল থেকে গ্রেফতার করে। সহকারি পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) শাহাজান মিয়া জানান, দুই শতাধিক জামায়াত নেতাকর্মী মধুপুর বনাঞ্চলের দোখলা পিকনিক স্পটের অদূরে বনভোজনের নামে গোপন সমাবেশে মিলিত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে চড়াও হয়ে দুটি বাসসহ ৮০ নেতাকর্মীকে আটক করে। চট্টগ্রামে ৫ শিবির কর্মী গ্রেফতার চট্টগ্রাম অফিস জানায়, নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে নাশকতার প্রস্তুতি নেয়ার অভিযোগে শিবিরের ৫ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে মুরাদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১০ লিটার অকটেন ও ৬ কার্টন বোমা তৈরির সরঞ্জামসহ শিবির কর্মীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৫ জনই শিবিরের সাথী বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ। তিনি আরও জানান, শিবির কর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।