পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ’৭২-এর সংবিধানে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান তাদের রাজনীতিতে পুনর্বাসিত করেন। আর বেগম খালেদা জিয়া এ ঘৃণ্য যুদ্ধাপরাধীদের ক্ষমতার শীর্ষে স্থান দিয়ে দেশকে অপমানিত করেছেন। তিনি বলেন, শাহবাগের স্বাধীনতা প্রজন্ম চত্বর থেকে সারাদেশের মানুষ আজ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি ও ধর্মভিত্তিক রাজনীতি বিশেষ করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার। জাতি আজ তাদের বিচারের মাধ্যমে দেশ ও ইতিহাস কলঙ্কমুক্ত করতে চায়।
তিনি বৃহস্পতিবার সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরিণ রাজনীতির বিষয়ে বিদেশি চাপের প্রশ্নই আসে না। এর আগে মন্ত্রী প্রভাতফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অপর্ণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
