ভারতে হায়দারাবাদে বোমা বিস্ফোরণে নিহত ১১

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
ভারতের হায়দারাবাদে ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এখনো এ বোমা বিস্ফোরণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে পুলিশ ধারণা করছে বিচ্ছিন্নতাবাদী কোন গোষ্ঠী এ বোমা বিস্ফোরণ ঘটাতে পারে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার পর দিল্লী, মুম্বাইসহ বড় বড় শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়। খবর এনডিটিভির। দুটি সিনেমা হলের কাছে বাইসাইকেলে রাখা দুটি বোমা কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয়। এর একটু পরে দিলসুখানগরে একটি বড় বাজারের কাছে বাসস্ট্যান্ডে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষিত গ্রুপ এই সন্ত্রসী হামলা চালায়। ক্ষয়ক্ষতি বেশি ঘটানোর জন্যই ব্যস্ত সময়ে হামলা চালানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেন, গত ৪৮ ঘণ্টায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার তথ্য পাওয়া গেলেও সুনির্দিষ্ট তথ্য ছিল না। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন।