বিভিন্ন ইসলামী দলের আজকের কর্মসূচির প্রতি সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। অপরদিকে রাজশাহী মহানগর আমীর আতাউর রহমানকে পুলিশ রিমান্ডে নেয়ায় দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতি তিনি বলেন, ব্লগারদের ফাঁসি ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে দেশের বিভিন্ন ইসলামী দল এবং ওলামায়ে কেরামের দেশব্যাপী আজকের বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচির সাথে জামায়াত পূর্ণ একাত্মতা ঘোষণা করেছে। তিনি আরো বলেন, সরকার ইসলামের বিরুদ্ধে ব্লগ ও ফেসবুক বন্ধ না করে ইসলামপন্থীদের ১২টি ব্লগ ও ফেসবুক বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে সরকার প্রমাণ করেছে, তাদের পৃষ্ঠপোষকতায় শাহবাগ থেকে আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এবং ইসলামের বিরুদ্ধে অবমাননাকর অপপ্রচার চালানো হচ্ছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড জনগণের সামনে প্রকাশ করে মুখোশ খুলে দেয়ার কারণেই সরকার ইসলামপন্থীদের ১২টি ব্লগ ও ফেসবুক বন্ধ করে তাদের এক তরফা অপপ্রচারের সুযোগ করে দিয়েছে।
ভারপ্রাপ্ত আমীরের নিন্দা
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগর আমীর আতাউর রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে নির্যাতন চালানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, আতাউর রহমান হূদরোগ, ডায়াবেটিক, কিডনি ও উচ্চ রক্তচাপে দীর্ঘদিন ধরে ভুগছেন। ইতিপূর্বেও সরকার তাকে গ্রেফতার করে নির্যাতন চালানোর কারণে তার স্বাস্থ্য ভেঙ্গে পড়েছে। রিমান্ড বাতিল করে মানবিক বিবেচনায় সুচিকিত্সার জন্য অবিলম্বে তাকে মুক্তি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
