সিরাজগঞ্জে পুলিশের নির্যাতনে মাদকসেবীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
ঘুষের টাকা না পাওয়ায় সিরাজগঞ্জে দুই এসআইয়ের নির্যাতনে ফরিদ (৩২) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে রাতেই বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে জনতা পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করলে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। নিহত ফরিদ মাহমুদপুর মহল্লার মাদক ব্যবসায়ী রহিজ উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, এ ঘটনা তদন্তে সদর সার্কেল এএসপি কাজী এহসানুল কবীর ও ডিবি’র ওসি জিয়া লতিফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফরিদের খালা হাসিনা বেগম জানান, সদর থানার এসআই আব্দুস সালাম ও এসআই সেলিম বুধবার রাতে ঘুষের জন্য রহিজ উদ্দিনের বাড়ি যায়। তাকে না পেয়ে ফরিদকে কিলঘুষি ও লাথি মারতে থাকে তারা। একপর্যায়ে ফরিদ অচেতন হয়ে পড়লে তারা সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়। এ ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশসহ সদর থানার ওসি রফিকুল ইসলাম খান রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন। তিনি নিহতের স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে ঘটনার বিষয়ে অবগত হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। রাত ২টার দিকে ৩ জন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন ঘটনাস্থলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহদী হাসান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে লাশ বাড়িতে নেয়া হয়েছে।