মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্লগে অপপ্রচার চালানোর অভিযোগ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ছবি ও নাম ব্যবহার করে ব্লগে এবং ফেসবুকে একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আইনজীবীরা এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে এডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, সংবাদপত্রের নীতি নৈতিকতা মেনে সত্য তথ্য তুলে ধরে সঠিক সংবাদ পরিবেশন এবং দেশের মানুষের কথা বলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিশেষ একটি গোষ্ঠীর চক্ষুশুলে পরিণত হয়েছেন। তিনি বলেন, একটি স্বার্থবাদী মহল ষড়যন্ত্র করে মাহমুদুর রহমানের ছবি ও নাম ব্যবহার করে ব্লগ ও ফেসবুকে একাধিক বক্তব্য প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ফেসবুকে তার নাম ব্যবহার করে যেসব লেখা প্রকাশ করা হয়েছে তার সাথে মাহমুদুর রহমানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিডিনিউজ নামে একটি পেজ খুলে মাহমুদুর রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সানাউল্লাহ মিয়া আরো বলেন, মাহমুদুর রহমানের নামে ([email protected]) একটি ভুয়া ই-মেইল আইডি খুলে বাজে মন্তব্য পোস্ট করা হচ্ছে। এছাড়া নাশকতামূলক বিভিন্ন বক্তব্য লিখে তা মাহমুদুর রহামানের নামে চালিয়ে দিচ্ছে, যা আইনের চরম পরিপন্থি। মাহমুদুর রহমান [email protected] নামে ই-মেইল আইডিটি ব্যবহার করেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ব্লগ ও ফেসবুকে এ ধরনের প্রচারণা সম্পূর্ণ আইন বিরোধী ও রাষ্ট্রের শান্তি-শৃংখলার পরিপন্থি। এ সব বক্তব্যকে কেন্দ্র করে যদি দেশে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, তার দায়-দায়িত্ব প্রকাশকারীকে নিতে হবে। এছাড়া যে ব্যক্তি বা গোষ্ঠী তার নাম ব্যবহার করে অসত্য তথ্য প্রকাশ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।