ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ১১ কিলোমিটারে ১৯ গতিরোধক !

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুলি থেকে কিশোরগঞ্জ শহরের ১১ কিলোমিটার দূরত্বে ঘন ঘন গতিরোধক স্থাপনের কারণে সড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওই ১১ কিলোমিটার সড়কে ১৯টি গতিরোধক রয়েছে। ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেল চালকরা জানিয়েছেন সড়কের গতিরোধকগুলো এত উচ্চতাসম্পন্ন যে, পার হওয়ার সময় গাড়ির নিচের অংশ গতিরোধকে ঘষা লেগে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মুশুলি বাজারে গিয়ে দেখা যায় বাজারের প্রবেশমুখে একটি গতিরোধক। এর প্রায় ৫০ গজ দূরে মুশুলি স্কুল এন্ড কলেজ ফটকের সামনে আরও একটি গতিরোধক স্থাপন করা হয়েছে। এমনিভাবে মহাসড়কের পাশে অবস্থিত প্রতিটি হাটবাজার ও বাস থামানোর স্থানে দুটি করে গতিরোধক স্থাপন করা হয়েছে। সওজ’র কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলামের কাছে গতিরোধক নিয়ে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে সড়ক নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপকের কাছে জেনে নিতে বলেন।