জগন্নাথপুরে দেশি প্রজাতির মাছের তীব্র সংকট

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
জগন্নাথপুর বাজারসহ উপজেলার সবকটি হাটবাজারে দেশি প্রজাতির মাছ, পুঁটি, টেংরা, মলা, কই, মাগুর, শিং, পাবদা, চিংড়ি, চাপিলা মাছসহ সব জাতের মাছের তীব্র সংকট চলছে। যা পাওয়া যাচ্ছে তা চাহিদার তুলনায় একেবারে কম। ছোট জাতের মাছ প্রতি কেজি ২শ’ থেকে ৩শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি প্রজাতির বড় মাছ বাজারে পাওয়া গেলেও দাম আকাশচুম্বী। এসব মাছ লোকজনের ক্রয়ক্ষমতার বাহিরে। নলুয়া, মইয়ার হাওরসহ আশপাশের বিভিন্ন খাল-বিলের নিকটবর্তী বাজারসহ জগন্নাথপুর বাজারে যেখানে অতীতে মাছের রমরমা ব্যবসা চলত এখন সেখানে মাছের আমদানি নেই। উপজেলার নদী-খাল-বিল ক্রমান্বয়ে ভরাট হয়ে যাওয়ায় মাছের আকাল দেখা দিয়েছে। যেসব মাছ পাওয়া যাচ্ছে তা আবার খুচরা মত্স্যজীবীরা বিক্রি করে দেয়ায় এসব মাছ চলে যাচ্ছে শহরে। ফলে স্থানীয় হাট-বাজারগুলোতে মাছের তীব্র সংকট লেগেই আছে।