ক্রিস্টিয়ান স্যান্ড-রাজশাহী সিটি ফ্রেন্ডশিপ কমিটির প্রতিষ্ঠাতা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন নরওয়ের প্রসিদ্ধ সাংবাদিক ‘অডভার মুনক্সগার্ড’-এর নামে রাজশাহীর পদ্মাপাড়ের বড়কুঠি বিনোদন কেন্দ্রের নামকরণ করা হয়েছে। গত রবিবার বিকালে ‘অডভার মুনক্সগার্ড পার্ক’-এর নামফলক যৌথভাবে উন্মোচন করেন নরওয়ের ক্রিস্টিয়্যান স্যান্ড সিটির মেয়র আরভিড গ্রায়োন্ডেডজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় সমাজসেবী শাহীন আকতার রেনী, রাসিকের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ক্রিস্টিয়ান স্যান্ড-রাজশাহী সিটি ফ্রেন্ডশিপ কমিটির প্রেসিডেন্ট ডাগ ভাইকু, রাজশাহী-ক্রিস্টিয়ান স্যান্ড সিটি ফ্রেন্ডশিপ কমিটির প্রেসিডেন্ট ড. প্যাট্রিক বিপুল বিশ্বাস, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সচিব কেএম আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, অডভার মুনক্সগার্ড ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বর্বরতার সচিত্র প্রতিবেদন বিশ্ব এবং নরওয়ের জনগণের কাছে তুলে ধরেন। তার উদ্যোগে রাজশাহীর মানুষকে সহযোগিতায় ১৯৭৯ সালে নরওয়ে ‘ক্রিস্টিয়ান স্যান্ড-রাজশাহী সিটি ফ্রেন্ডশিপ’ এবং ১৯৮৯ সালে রাজশাহীতে ‘রাজশাহী-ক্রিস্টিয়ান স্যান্ড সিটি ফ্রেন্ডশিপ’ কমিটি গঠিত হয়। উক্ত কমিটির মাধ্যমে ক্রিস্টিয়ান স্যান্ড সিটি রাজশাহীর মিশন হাসপাতালে শিশু ওয়ার্ড, ক্যান্সার হাসপাতাল, প্রতিবন্ধী বিকাশ কেন্দ্র, বৃক্ষরোপণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করছে। তাদের শহরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আবহমান প্রকৃতির ১১শ বর্গমিটার আয়তনের ম্যুরাল স্থাপিত হয়েছে। উক্ত পার্কের নামকরণে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ও গুণীকে স্বীকৃতি দেয়া হলো। ক্রিস্টিয়ান স্যান্ড সিটির মেয়র বলেন, রাজশাহী খুব সুন্দর শহর। এ পার্কের নামকরণের মাধ্যমে আমাদের বন্ধুত্বকে আরো গভীর করবে। বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে রাজশাহীর বন্ধুত্ব ক্রমশ উন্নতি হবে।
