কালের সাক্ষী হয়ে রয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাজারকী গ্রামের আলিয়ার পুকুর জামে মসজিদ। উপজেলার পূর্ব সীমান্তবর্তী হাজারকী গ্রামের পূর্বপার্শ্বে আলিয়ার পুকুর পাড়ে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী এই মসজিদটিতে ইমামসহ ১৫ জন নামাজী নামাজ আদায় করতে পারেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৪শ’ বছর পূর্বে ওই মসজিদটি স্থাপিত হয়। সে সময় ওই এলাকায় ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা হয়তো খুবই কম ছিল। সে কারণে মসজিদটি এত ছোট আকারে নির্মাণ করা হয়। মসজিদের সামনে মাজার রয়েছে। ওই মসজিদ ও মাজারে অনেকেই মঙ্গল কামনার নিয়তে দান-খয়রাত করে থাকেন। আজ থেকে ২০ বছর পূর্বে আলিয়ার পুকুর পাড়টি ঝোপ-জঙ্গলে ভরা ছিল। তার মধ্যেই ছিল প্রাচীনকালের ওই ঐতিহ্যবাহী আলিয়ার পুকুর জামে মসজিদ। আস্তে আস্তে আলিয়ার পুকুর পাড়ে বসতি স্থাপন গড়ে ওঠে। এরপর থেকে উক্ত মসজিদটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। উক্ত মসজিদ উন্নয়নে সরকারের সুদৃষ্টি প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।
