স্থানীয় স্বাস্থ্যগ্রাম সদস্য নাসরিন বেগম ১৫০টি পরিবারের জন্য ১নং ওয়ার্ডে গভীর নলকূপ বরাদ্দ দেয়া হবে কিনা জানতে চাইলে গৌরিচন্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কবির হাওলাদার বলেন, গত ছয়মাসে ৬টি গভীর নলকূপ পেয়েছি, বাজেট বরাদ্দ কম, বরাদ্দ বেশি পেলে পর্যায়ক্রমে সমস্যা সমাধান করা হবে।
স্বাস্থ্যগ্রাম কমিটির সভাপতি ডালিম বেগম খোলা ল্যাট্রিন ব্যবহারকারিদের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আপনাদের চাহিদা অনুযায়ী সকল ওয়ার্ডে ৭৯৫টি রিং-স্লাব আগামী একমাসের মধ্যে সরবরাহ করা হবে।
লুত্ফা বেগম গৌরীচন্না ইউনিয়নের ৩৩ জন ধাত্রীকে সরকারিভাবে প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহের দাবী তুলে ধরেন।
এ ভাবেই একের পর এক নিজেদের সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে কোন পরিকল্পনা রয়েছে কি না জানতে চান স্থানীয়রা। সমপ্রতি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সামনে উন্মুক্ত মাঠে এ ব্যতিক্রমধর্মী আয়োজনটি অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ডর্প এর সহযোগিতায় গৌরীচন্না ইউনিয়ন পরিষদে সেবাপ্রদানকারী পানি স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে প্রথমবারের মত এ গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করে।
