টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অগনিয়েস্কা রাদওয়ানস্কা দুবাই আন্তর্জাতিক মহিলা টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন। শেষ আটের লড়াইয়ে গত বৃহস্পতিবার পেত্রা ভিতোভা ৬-২, ৬-৪ গেমে হারান এই পোলিশকে। তবে জয় পেয়েছেন সাবেক এক নাম্বার ক্যারোলিন ওজনিয়াকিও।
বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা রাদওয়ানস্কা টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন একদম অচেনা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পরে নিজেই বলেছিলেন শিরোপা ধরে রাখতে হলে নিশ্চিতভাবেই নিজের খেলার উন্নতি ঘটাতে হবে। আর ঐ ম্যাচে নিজের নড়বড়ে অবস্থার জন্য দায়ী করেছিলেন দুবাইয়ের সেন্টার কোর্টে আগে কখনো না খেলার ব্যাপারটাকে। তবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের পরে আর কোন ব্যাখ্যাতেই যেতে চাইবেন না তিনি। ম্যাচে পেত্রা ভিতোভার সামনে দাঁড়াতেই পারেননি তিনি।
প্রথম সেটে চেক তারকা ভিতোভা চারবার রাদওয়ানস্কার সার্ভিস ব্রেক করেন। শেষ পর্যন্ত সেটটি জিতে নেন ৬-২ গেমে। এরপরে দ্বিতীয় সেটে পোলিশ তারকা অপেক্ষাকৃত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না। পেত্রা ভিতোভার একটি শক্তিশালী ফোরহ্যান্ড রাদওয়ানস্কা আর ফেরত পাঠাতে না পারলে উল্লাসে মাতেন বিশ্ব র্যাঙ্কিংয়ের আট নাম্বার তারকা। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন বিশ্বের সাবেক এক নাম্বার তারকা ক্যারোলিন ওজনিয়াকির।
ওজনিয়াকি ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের মারিয়ন বারতোলিকে। ম্যাচে ওজনিয়াকির চেয়ে তার ফরাসি প্রতিপক্ষকেই বেশি আগ্রাসী মনে হচ্ছিল। তবে তার এই আগ্রাসী ভূমিকা ম্যাচ কিছু সময়ের জন্য জমিয়ে রাখলেও শেষ পর্যন্ত তা শাপে বর হয়ে আসে ওজনিয়াকির জন্যই। কারণ ম্যাচে ১৪টি ডাবল ফল্ট করেন বারতোলি। এর আগে গত বুধবার ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আমেরিকার সেরেনা উইলিয়ামস। কারণ হিসেবে সেরেনা দায়ী করেছেন নিতম্বের ইনজুরিকে। তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রেকর্ড ১৫টি গ্রান্ড স্ল্যাম শিরোপাধারি সেরেনা বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই আমি আমার পেছন দিকে ব্যাথা অনুভব করছিলাম। আমি ভেবেছিলাম ব্যথাটা ক্রমান্বয়ে ভালোর দিকে যাবে তবে সেটি হয়নি। এখন আমি জোর করে কোর্টে নেমে এটিকে আরও খারাপ কিছুর দিকে ঠেলে দিতে চাই না।’
