তোরেসের পক্ষে বেনিতেজ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
পারফরম্যান্স বিবেচনা করলে বেশ কয়েকদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেসের। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা কাপের ম্যাচে স্পার্টা প্রাগের সাথে ১-১ গোলে ড্র করে চেলসি। এই ম্যাচেও কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে বিপাকে পড়েছেন স্পেন জাতীয় ফুটবল দলের এই সদস্য। তবে এমন ব্যর্থতার পরেও কোচ রাফায়েল বেনিতেজের সমর্থন পাচ্ছেন তোরেস। ২০১১ সালের জানুয়ারি মাসে ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে লিভারপুল থেকে তোরেসকে নিয়ে আসে চেলসি। তবে পশ্চিম লন্ডনে এসেও পারফরম্যান্সের খুব একটা উন্নতি হয়নি তোরেসের। তবে তোরেসের এই দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ালেন দলের অন্তর্বর্তীকালীন কোচ। তিনি বলেন, ‘স্পার্টার বিপক্ষে তোরেস খুব একটা বাজে খেলেনি। আমাদের সবারই একটা প্রবণতা হল গোলসংখ্যা দিয়ে একজন স্ট্রাইকারকে বিবেচনা করা। তবে সবসময় এই বিষয়টা ঠিক না। গোল না করলেও দলের জয়ে তোরেসের ভূমিকা ছিল।’ এখানেই শেষ হয়নি বেনিতেজের ‘তোরেস স্তুতি’; তিনি আরও বলেন, ‘নিচে নেমে এসে যেসব দল খেলে তাদের বিপক্ষে গোল পাওয়া সবসময়ই কষ্টকর। তোরেস বল দখলে আজ পারদর্শিতা দেখিয়েছে। তার পাশে থাকা খেলোয়াড়দের জন্য সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাই আমার মতে সে ভালো ফুটবল খেলেছে। তাই তার সমালোচনা যারা করছে তাদের সাথে আমি একমত হতে পারছি না। আমি তোরেসকে আরো সুযোগ দেয়ার পক্ষে। আশাকরি সে সুযোগের সদ্ব্যবহার করে ফর্মে ফিরে আসতে পারবে।’ এই মৌসুমে চেলসি হয়ে ১৫টি গোল করেন ২৮ বছর বয়সী তোরেস। তোরেসের ব্যাপারে বেনিতেজ আরও বলেন,‘তোরেস যদি এই ম্যাচের মতো আরও পরিশ্রম করতে পারে তাহলে আর ভালো ফুটবলে ফিরে আসে তাহলে সে গোলের মুখ দেখতে পারবে। আমি তার ব্যাপারে আশাবাদী।’ মাঠের খেলায় পারফরম্যান্স না দেখাতে পারলে দলের সমর্থন কমতে থাকবে এটাই স্বাভাবিক। চেলসির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। এই ব্যাপারে সতর্ক বেনিতেজ বলেন, ‘আমি জানি আমাদের কি করতে হবে। কয়েকটি ক্ষেত্রে আমরা ভালো করতে পারছি না। তাই আমাদের আরও উন্নতির সুযোগ থাকছে। আমাদের আরও পরিশ্রম করতে হবে।’ ম্যাচের ব্যাপারে বেনিতেজ বলেন, ‘ ম্যাচে আমরা ২২টি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম, তবে আমরা গোল করতে পারিনি। আশার ব্যাপার হল, আমরা বলের পজেশন ধরে রেখে খেলেছি।’ স্ট্যামফোর্ডে ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলতে পৌঁছে গেছে রাফায়েল বেনিতেজের দল। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ রোমান দল স্টেউয়া বেকুরেস্টি।