নতুন দায়িত্বে বেকহ্যাম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। আসন্ন ২০১৩ মৌসুমে চাইনিজ সুপার লিগ (সিএসএল) ‘আন্তর্জাতিক দূত’ হতে পারেন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। সিএসএল প্রধান ঝু কুইলিন বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ৩৭ বছর বয়সী তারকা ফুটবলার বেকহ্যামের সিএসএল’র ‘আন্তর্জাতিক দূত’ হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। তবে কিছু প্রক্রিয়া এখনো বাকি আছে। নতুন সিএসএল মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বেকহ্যামের উপস্থিতির কথা অস্বীকার করেন ঝু। তিনি বলেন, ‘তাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আমাদের ছিল। কিন্তু যেহেতু ঐ সময় সে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন লীগের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে। তাই সে আসতে পারবে বলে আমি মনে করি না।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বর্তমানে পাঁচ মাসের চুক্তিতে ফরাসী লিগ ওয়ানের দল প্যারিস সেই জার্মেইতে (পিএসজি) খেলছেন। চ্যাম্পিয়ন্সলীগের শেষ ষোলতে দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে আগামী ৭ মার্চ ম্যাচের সূচি রয়েছে পিএসজির। আর সিএসএল শুরু হবে ৮ মার্চ। - বাসস/সিনহুয়া