কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শনকালে ব্রিটিশ মন্ত্রীর কাছে রোহিঙ্গাদের দাবি-দাওয়া

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ সিনিয়র পররাষ্ট্র প্রতিমন্ত্রী বারোনেস সাঈদা ওয়ারসি বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তালিকাভুক্ত শরণার্থী শিবিরের পাশাপাশি অবৈধভাবে অবস্থান নেয়া রোহিঙ্গাদের বস্তিও ঘুরে দেখেন। এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন এবং তাদের খোঁজ-খবর জানতে চান। এ সময় রোহিঙ্গারা তাকে বিভিন্ন দাবি-দাওয়া লেখা ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। ব্রিটিশ প্রতিমন্ত্রী শরণার্থীদের আশ্বস্ত করে বলেন, স্বেচ্ছায় কেউ মিয়ানমারে ফেরত যেতে না চাইলে জোর করে কাউকে ফেরত পাঠানো হবে না। পরিদর্শন শেষে তিনি কুতুপালং শরণার্থী শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার জালাল উদ্দিনের অফিস কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, যুগ্ম সচিব ফিরোজ সালাহ উদ্দিন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তারসহ ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ও স্থানীয় কর্মকর্তাগণ।