রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী ছোট বানিয়াদী এলাকায় গতকাল শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন পূর্বশত্রুতার জের ধরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট চালায়। এ সময় বাধা দেয়ায় গর্ভবতী এক মহিলাসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়। এলাকাবাসী জানান, ব্রাহ্মণখালী দেওয়ানবাড়ীর ১৫-২০ জনের সশস্ত্র সন্ত্রাসীর দল ছোট বানিয়াদী এলাকার নুরু মিয়া ওরফে নাসু মিয়ার বাড়িতে হামলা চালায়। বাঁধা দেয়ায় হামলাকারীরা নাসু মিয়া (৫৫), পুত্রবধূ শিল্পী বেগম (৩২), জহিরুল (২৬), আমজাদ হোসেনকে (৩০) কুপিয়ে জখম করে। আহতদের পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ ২ লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, টিভি, ভিসিডি লুটে নেয়। ৩টি ঘর ও ৪টি দোকান ভাংচুর করে। হামলাকারীরা ২টি হাত বোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। বর্তমানে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পরে। শিশু ও মহিলারা রয়েছে আতংকে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।