কমলগঞ্জে বনকর্মীর গুলিতে একজন হত্যা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা বনাঞ্চলে গাছ কাটায় বাধা দিলে বনকর্মীদের উপর সংঘবদ্ধ গাছচোর চক্র হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীর গুলিতে আহত গাছ চোর মারা গেছে। গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটলেও গুলিবিদ্ধ গাছচোর সদস্যকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায়। জানা যায়, কুরমা বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতের ১৯৭৪ নং সেগুন বাগান এলাকায় চাম্পা রায় চা বাগানের ২০ থেকে ২৫জনের বেকার চা শ্রমিকদের একটি দল প্রবেশ করে গাছ কাটছিল। এ সময় কুরমা বনবিট কর্মকর্তা রবীন সিংহের নেতৃত্বে বনকর্মীরা ধাওয়া করলে দা-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত গাছ চোর চক্র বনকর্মীদের ধাওয়া করে। আত্মরক্ষার্থে একজন বনকর্মী এক রাউন্ড গুলি ছুঁড়লে অধীর ভৌমিক (২৫) নামের এক গাছ চোরের পায়ে লাগে। কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা প্রভাব কুসুম আচার্য বলেন, পায়ে গুলিবিদ্ধ চোরকে দুর্গম এলাকা থেকে প্রথমে কাঁধে করে এক ঘন্টার পথ বহন করে আনতে ও হাসপাতালে নিয়ে যেতে প্রচুর রক্ত ক্ষরণ হয়, ফলে সে মারা গেছে।