বোবা ছেলেটিকে ফিরে পেলেন বাবা-মা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
সংবাদ প্রকাশের পর শেখ জুয়েল নামের বোবা ছেলেটিকে দীর্ঘ ৪ বছর পর খুঁজে পেলো তার বাবা-মা। খুলনার তেরখাদা উপজেলা থেকে এসে তার ভাই গতকাল শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর ইউনিয়নের মহিলা মেম্বার খোশনেহার বেগমের কাছ থেকে তাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে নেয়। জানা যায়, গত ৪ বছর পূর্বে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা প্রায় ১৪ বছর বয়সের ঠিকানাহীন একটি বোবা ছেলেকে পায়। তখন সে তার ঠিকানা ও বাবা-মায়ের নাম জানাতে না পারলেও কাগজে লিখে সে তার নাম ‘জুয়েল’ বলে জানায়। তাকে তার বাবা মারধর করায় রাগান্বিত হয়ে বাড়ি থেকে চলে আসলেও পরে সে তার বাড়ির ঠিকানা ভুলে যায়। তাকে লালন-পালন করার জন্য এলাকার লোকজন উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের মহিলা মেম্বার খোশনেহার বেগমের নিকট তুলে দেয়। পরে মহিলা মেম্বার ছেলেটির কথা মতো ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ভোলা ও মুন্সীগঞ্জ নিয়ে বহু খোঁজাখুজি করেও তার কোন অভিভাবকের সন্ধান পায়নি। এর পর থেকে নিজের সন্তানের মতো করে ছেলেটিকে লালন-পালন করে আসছিলেন মেম্বার খোশনেহার বেগম। কিন্তু মাতৃস্নেহে বড় হতে থাকলেও ছেলেটি তার বাবা-মার কাছে যাওয়ার জন্য প্রায়ই কান্নাকাটি করতো। বিষয়টি জেনে সরেজমিনে গিয়ে ১৬ ফেব্রুয়ারি ইত্তেফাকের ‘বোবা ছেলেটি ঘরে ফিরতে চায়’ শিরোনামে ছবিসহ সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামে মেম্বার খোশনেহার বেগমের বাড়িতে আসেন ছেলেটির বড় ভাই শেখ কামাল। উল্লেখ্য, জুয়েলের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে এবং পিতার নাম শেখ রুহুল আমিন ও মাতার নাম আলেয়া বেগম। শেখ কামাল বলেন, ‘আমার এক আত্মীয় ইত্তেফাক পত্রিকায় জুয়েলের ছবিসহ নিউজ দেখে আমাদেরকে জানায়। প্রথমে আমরা বিশ্বাস করতে পারিনি।