ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামের এক কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েটির মা জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২ ফেব্রুয়ারি রাতে সুন্দাইল গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে হলুদ মিয়া (৩৫), তার আত্মীয় লখু মিয়া ও আনোয়ার হোসেন তার মেয়েকে অপহরণ করে। অপহরণকারীরা কৌশল খাটিয়ে তার মেয়েকে প্রতিবেশীর বাড়িতে ডেকে নেয়। তাদের এ কাজে সহায়তা করে প্রতিবেশী আ. হাইয়ের স্ত্রী কুলসুম ও তার দুই মেয়ে মারুফা ও তাসলিমা।
মেয়ের বাবা বলেন, তার মেয়েকে ঢাকার এক পার্টির কাছে তুলে দেয়ার জন্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু অপহরণের ঘটনার পর থেকে তারা বিভিন্ন স্থানে লোক লাগিয়ে তার খোঁজ করা শুরু করলে অপহরণকারীরা মেয়েটিকে অন্য লোকদের হাতে তুলে দিতে পারেনি। মেয়েটির চাচা হেলাল উদ্দিন বলেন, গত ৮ ফেব্রুয়ারি পাশের কান্দিউড়া গ্রামে অবস্থিত হলুদ মিয়ার শ্বশুরবাড়ি থেকে মেয়েটিকে তারা উদ্ধার করেন।
