শাহবাগ আন্দোলনে সরকারের ইন্ধন নেই: লেনিন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন বলেছেন, শাহবাগের আন্দোলনে সরকারের কোন ইন্ধন নেই। আওয়ামী লীগও এ আন্দোলনের নির্দেশ দেয়নি। তবে এতে নৈতিক সমর্থনসহ এই আন্দোলনকে সরকার ও আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে-যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত ‘মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি: শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণের দাবি’ শীর্ষক আলোচনা সভা ও দিন বদলের চার বছর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মো. জহির উদ্দীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, আশরাফ উদ্দিন খান ইমু, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার মো. মকবুল হোসেন, সংগঠনের মহাসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।