প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাঙ্গামাটি আসছেন। মহাজোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার এটাই প্রথম রাঙ্গামাটি সফর। প্রধানমন্ত্রীর আগমন ও সমাবেশ উপলক্ষে এরই মধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে পর্যটন শহর রাঙ্গামাটিকে।
প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে সকালে বাঘাইছড়ির দুর্গম সাজেক ও বান্দরবানের কেওক্রাডংয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লী পরিদর্শন শেষে দুপুরে রাঙ্গামাটি পৌঁছবেন। রাঙ্গামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করবেন।
পরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি মেডিক্যাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা সোয়া তিনটায় রাঙ্গামাটি রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার, বিলবোর্ড সাঁটানো হয়েছে শহর জুড়ে। সড়কে সড়কে স্থাপন করা হয়েছে অসংখ্য তোরণ। পুরো রাঙ্গামাটিতে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে সমাবেশস্থল এবং প্রধানমন্ত্রীর গমন ও পরিদর্শনের সম্ভাব্য স্থানে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এসএসএফ, পুলিশ মোতায়েন করা হয়েছে। শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে সমাবেশস্থল বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
