জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামে গতকাল শুক্রবার গ্রামের সড়কে কালভার্ট নির্মাণ কাজ চলাকালে মাটি চাপায় ৩ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু ও ১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকরা হলেন—বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের ইছবর উল্ল্যার পুত্র সুন্দর আলী (৩২), ইছকন্দর উল্ল্যার পুত্র আব্দুন নূর (৩৮) ও ভল্লবপুর গ্রামের আম্বর আলীর পুত্র মস্তাব আলী (৪৫)। মাটি চাপায় গুরুতর আহত একই উপজেলার বাইশঘর গ্রামের আব্দুল মজিদের পুত্র হুশিয়ার আলী (৩২) কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশিষ্ট সূত্রে জানা যায়, কালভার্ট নির্মাণ কাজে প্রকৌশলী এবং দক্ষ নির্মাণ শ্রমিক না থাকায় কালভার্টের বেইজের গভীর গর্তের মাটি উত্তোলনকালে এ দুর্ঘটনাটি ঘটেছে। উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী মাঝপাড়া গ্রামের লোকজন তাদের অর্থায়নে গ্রামের খালের উপর প্রায় ১৫ ফুট দৈর্ঘ্য একটি ব্রিজ নির্মাণ করে বেশ কিছুদিন যাবত্ যাতায়াত করে আসছিল। যান চলাচল এবং যাতায়াত ব্যবস্থায় ব্রিজটি বিপদজনক হওয়ায় সম্প্রতি গ্রামবাসী পুরনো ব্রিজটি ভেঙ্গে ঐ স্থানে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়। কালভার্ট নির্মাণ কাজ গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়। নির্মাণ শ্রমিকরা গতকাল কালভার্টের বেইজ উঠানোর জন্য মাটি কাটা শুরু করে। বেইজ তৈরির জন্য শ্রমিকরা প্রায় ৭/৮ফুট গভীরে মাটি খননকালে হঠাত্ করে গর্তের চারপাশের মাটি ধ্বসে পড়লে গর্তের ভেতরে থাকা ৪ জন শ্রমিক মাটির নীচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু ও ১ জন আহত হন। জগন্নাথপুর থানার ওসি মাকসুদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য ৩ জনের লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে গোটা উপজেলায় শোকের ছায়া বিরাজ করছে।
