খালেদা জিয়া সিঙ্গাপুর থেকেই দেশে ফিরছেন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৪
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে সিঙ্গাপুরে চিকিত্সাধীন রয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি তিনি চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যান এবং কর্মসূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। সিঙ্গাপুরে যোগাযোগ করে বিএনপি সূত্রে জানা যায়, বেগম জিয়ার সিঙ্গাপুর থেকে অন্য কোথাও যাওয়ার কর্মসূচি নেই। তিনি সিঙ্গাপুর থেকেই দেশে ফিরে আসবেন। সিঙ্গাপুরে গ্র্যান্ড হায়াত্ হোটেলে অবস্থান করছেন ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত চিকিত্সা নিচ্ছেন। বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহউদ্দিন আহমেদ ও গৃহকর্মী কানিজ ফাতেমা তার সঙ্গে রয়েছেন। এছাড়া বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ বেশ কয়েকজন নেতা নিজ উদ্যোগে সিঙ্গাপুরে গেছেন বলে জানা যায়। সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন বিরোধী দলীয় নেতাকে রীতি অনুযায়ী প্রটোকল দিচ্ছে। হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক বেগম জিয়াকে সিঙ্গাপুরে পৌঁছার পর বিমানবন্দরে প্রটোকল দেন।