অর্থনীতিবিদ মুশাররফ হোসেন আর নেই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
চলে গেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মুশাররফ হোসেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আজ শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংক গভর্নর শোক প্রকাশ করেছেন। কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি সমাজ ও অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের পরিচালক এবং কলা অনুষদের ডিন ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগেও তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তিনি পূর্ব পাকিস্তান পরিকল্পনা বোর্ডের প্রধান অর্থনীতিবিদ, পাকিস্তান কর কমিশনের পরিকল্পনাবিদ, মুজিবনগর (১৯৭১) অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পরিকল্পনা সংস্থার সদস্য, বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য এবং জাতিসংঘ পরিষদের প্রতিনিধি দলের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হন এবং আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি বেশকিছু গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। অধ্যাপক মুশাররফ হোসেন অর্থনীতির শিক্ষা, গবেষণা ও চর্চার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অর্থনীতি সমিতি সম্মাননা, ঢাকা ইউনিভার্সিটি এলমনাই এসোসিয়েশন সম্মাননা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিশেষ সম্মাননা স্মারক, বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা, ৩৭তম আন্তর্জাতিক বাংলা শিক্ষা সম্মেলন সম্মাননা, বাংলা একাডেমী সম্মানসূচক ফেলোশিপ, বাংলাদেশ ব্যাংক পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তার দুই ছেলে জাফর হোসেন ও রাজাক হোসেন দু’জনই বর্তমানে দেশে অবস্থান করছেন।