গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকার রক্তচোষা প্রাণীতে পরিণত হয়েছে বলেই মহান আল্ল¬াহ ও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদী ধর্মপ্রাণ মানুষকে হত্যা ও জখম করেছে। একটি অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তারা ইসলামের অবমাননাকারীদের মদদ দিয়ে যাচ্ছে। মহান আল্ল¬াহ ও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম, পবিত্র কোরান ও হাদিস অসম্মানকারীদের বিরুদ্ধে ফুঁসে ওঠা ধর্মপ্রাণ মানুষের আন্দোলনকে প্রতিহত করতে সরকার নিষ্ঠুর খুনোখুনিতে মেতে উঠেছে। আওয়ামী সরকার প্রতিদিনই মানুষ হত্যা করছে। তারা দুর্নীতি এবং দুঃশাসন টিকিয়ে রাখার জন্য জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রভুদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত রয়েছে। তারা তাদের ইচ্ছা-অনিচ্ছার বাইরে জনগণের মতামতকে সহ্য করতে চাইছে না। এজন্য জনগণের লাশের পাহাড় ডিঙ্গিয়ে হলেও নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।
মির্জা আলমগীর বলেন, এই দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠী আবহমানকাল ধরে পরস্পর সহাবস্থান করে আসছে। এদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী মহান রাব্বুল আলামীন, মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর ওপর গভীর বিশ্বাসে যদি কেউ আঘাত করে কিংবা ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গ, অশালীন ও কুরুচি মন্তব্য করে তা কখনোই মেনে নিতে পারে না। মির্জা আলমগীর প্রচণ্ড ক্ষোভের সঙ্গে উল্লে¬খ করেন, যারা মহান আল্ল¬াহ ও রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে তাদের পক্ষ নিয়ে সরকার প্রকারান্তরে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতিকেই আঘাত ও অসম্মান করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের ফাঁদে পা দিয়ে কতিপয় অনলাইন ব্ল¬গার ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের যে হুমকি দিয়েছে তা চরম অগণতান্ত্রিক ও ধৃষ্টতাপূর্ণ। এটি সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ। তিনি এই হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল পুলিশ-র্যাবের হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অবিলম্বে সারাদেশ থেকে গ্রেফতারকৃত নেতাকর্মী ও মুসল্লিদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
